সেনা তত্ত্বাবধানে চলছে বাঁধ নির্মাণ, খুশি দাকোপবাসী
‘সোন্যরা আইছে, এবার আমাগে বাঁধ মনে হোচ্ছে ঠিক মতন হইয়ে যাবেনে। চেয়ারমেন, মেম্বার আর কন্ট্রাকটাররা এবার আর লুটেপুটে খাতি পারবে নানে। আমাগে বাইচে থাকতি হতি এই শিতির মধ্বিই সব বাঁধ বাইন্দে ফেলতি হবে। তা না হলি আমাগে আর বাঁইচে থায়া লাগবি নানে।’ আইলাবিধ্বস্ত খুলনার দাকোপের গুনারী গ্রামের গৃহিণী ভাদ্দরি সরদার (৩৮) গত ২৪ নভেম্বর এ কথাগুলো বলেন।৭ নভেম্বর থেকে এ উপজেলার আইলাবিধ্বস্ত বাঁধগুলো সংস্কারের কাজ শুরু হওয়ায় গুনারী গ্রামের ভাদ্দরি সরদারের মতো কয়েক হাজার মানুষের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে।এলাকাবাসী জানান, আইলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩২ নম্বর পোল্ডারের অন্তর্ভুক্ত জালিয়াখালী ক্লোজার (মূল বাঁধ) ভেঙে দাকোপের সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। পরে পাউবো, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন স্থানে অসংখ্য রিং বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু মূল ক্লোজার সঠিকভাবে নির্মাণ না করায় ওই রিং বাঁধগুলো ভেঙে যায়। এবার যথাসময়ে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু হওয়ায় আইলায় বিধ্বস্ত মানুষগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।বাঁধের ওপর আশ্রয় নেওয়া সুতারখালী ইউনিয়নের নলিয়ান গ্রামের রহমত আলী (৪২) বলেন, ‘বাঁধ না হওয়া পর্যন্ত আমাগে মনে শান্তি আসপে না। এবার শুনিছি সেনাবাহিনী থাইয়ে বাঁধ বানাবে। তাইলে মনে অয় আর কোনো সোমস্যা হবে নানে। আমরা মনে অয়, আবার আমাগে বাপের ভিটেয় ফিরে যাতি পারবানি।’পাউবোর খুলনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, ৭ নভেম্বর থেকে আইলাদুর্গত দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান নদের দুই পাশে ২০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত ও ওই ইউনিয়নের ওড়ামুখী, কেওড়াতলি, মাজাফুটো, গোলবুনিয়া ও নলিয়ান এবং কামারখোলা ইউনিয়নের জালিয়াখালী ক্লোজারের নির্মাণকাজ শুরু হয়েছে। বিধ্বস্ত বেড়িবাঁধ ও ক্লোজার নির্মাণে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ চলছে। আগামী বছরের ৬ মার্চের মধ্যে এ কাজ শেষ করার কথা।দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান বলেন, ‘পাউবো দুর্গত এলাকার বাঁধ ও ক্লোজারের নির্মাণকাজ শুরু করেছে। সেনাবাহিনী এ কাজে সহযোগিতা ও তদারকির দায়িত্ব পালন করছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ হবে।’বাঁধ নির্মাণের বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল এ বি এম মিজানুর রহমান বলেন, ‘বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিভিন্ন দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়াই আমাদের উদ্দেশ্য।’