সেনা তত্ত্বাবধানে বহদ্দারহাট উড়ালসড়কের কাজ শুরু
আড়াই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বহদ্দারহাট উড়ালসড়কের অসমাপ্ত কাজ গতকাল মঙ্গলবার আবার শুরু হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ নির্মাণকাজ শেষ করবে মীর আকতার এন্টারপ্রাইজ। বাকি নির্মাণকাজ থেকে পারিসা এন্টারপ্রাইজকে বাদ দেওয়া হয়েছে।গত ২৪ নভেম্বর রাতে নির্মাণাধীন উড়ালসড়কের তিনটি গার্ডার ভেঙে পড়লে ১২ জন নিহত হন। এরপর বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে মীর আকতার-পারিসা এন্টারপ্রাইজ যৌথভাবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণের জন্য সিডিএর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তবে পুরো নির্মাণকাজই করে পারিসা। অভিজ্ঞতা না থাকায় পারিসার বিরুদ্ধে নির্মাণকাজে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করাসহ নানা অভিযোগ ওঠে। মীর আকতারের পক্ষ থেকে দেওয়া পরামর্শকও সঠিকভাবে কাজ করেননি বলে অভিযোগ আনা হয়। বিষয়টি তদন্তের জন্য সরকারের চারটি কমিটি কাজ করছে।গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর বাকি নির্মাণের কাজ শুরু হয়। উড়ালসড়কটি চালু করতে হলে আরও ৩৪টি গার্ডার নির্মাণ করতে হবে। গতকাল গার্ডার নির্মাণকাজ শুরুর সময় বহদ্দারহাট এলাকায় উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম সেনানিবাসের স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের (এসডব্লিউও) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম খান ও মীর আখতার এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন। এ সময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম খান বলেন, ‘কাজ শুরুর আগে আমরা নিজেদের মতো করে কাজের গুণাগুণ পরীক্ষা করে দেখব। আর তিন পালায় কাজ করার জন্য পর্যাপ্ত সেনাসদস্য উড়ালসড়ক এলাকায় মোতায়েন করা হবে।’ আবদুচ ছালাম বলেন, সেনাবাহিনীর সর্বোচ্চ তদারকিতে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করবে। আগামী জুন মাসের মধ্যেই এ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ প্রসঙ্গে মীর আকতার এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুই প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি অনুযায়ী পারিসা এন্টারপ্রাইজ উড়ালসড়কটি নির্মাণ করে। দুর্ঘটনার কারণে অবশিষ্ট কাজ আমরা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’