
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলে মানুষের মনোবল বাড়বে। সেনাবাহিনীর ওপর মানুষের আস্থা আছে। কিন্তু নির্বাচন কমিশন সরকারের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপির উদ্দেশ্য সেনাবাহিনীকে বিতর্কিত করা।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিবিসি বাংলাদেশ সংলাপে তাঁরা এসব কথা বলেন।
আকবর হোসেনের সঞ্চালনায় বিবিসি বাংলাদেশ সংলাপে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উইমেন চেম্বার চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট আইভী হাছান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রওশন সোমা। অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা।
অনুষ্ঠানে নগরের চকবাজার খাসিয়ারপাড়া এলাকার বাসিন্দা নীলা আক্তারের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীরা। প্রার্থীর গাড়িতে হামলা হচ্ছে। হুমকির কারণে পোলিং এজেন্ট হতে চাচ্ছেন না কেউ। ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়।
হাছান মাহমুদ বলেন, গত ছয়টি সিটি করপোরেশন নির্বাচনের পাঁচটিতেই বিএনপি জয়লাভ করেছে। তখন তো সেনাবাহিনী মোতায়েন ছিল না। জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। যেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
আইভী হাছান বলেন, প্রয়োজন হলে সেনাবাহিনী মাঠে নামানো উচিত।
রওশন সোমা বলেন, ‘আমার মনে হয়, নির্বাচন কমিশন পরিকল্পনামতো কাজ করতে পারছে না।’
হালিশহরের আনজুম হোসেন প্রশ্ন করেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দায়ভার কি সরকার এড়াতে পারে?
উত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রওশন সোমা বলেন, সাধারণ নাগরিকসহ খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব সরকারের। আইভী হাছানও বলেন, সরকারের দায়িত্ব খালেদার নিরাপত্তা দেওয়া।
এ সময় হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া আতঙ্কের নাম। তার পরও তাঁর বাড়িতে-গাড়িতে নিরাপত্তা দিয়ে আসছে সরকার।’
একজন দর্শক প্রশ্ন করেন, বিএনপির নেতা ইলিয়াস আলী ও সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ। এর দায়ভার কী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন?
উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘কারা তাঁদের অপহরণ করেছে তা অনুসন্ধান করা হচ্ছে। সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।’