সেনা না থাকলেও তাদের কার্যকারিতা থাকবে: ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনের সময় সেনাবাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন না থাকলেও তাদের নির্বাচনকালীন কার্যকারিতা বলবৎ থাকবে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল শনিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পেই থাকুক আর সেনানিবাসেই থাকুক তাদের মুভমেন্ট সময় একই থাকবে এবং তাতে করে তাদের কার্যকারিতাও সমান পর্যায়েই থাকবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ ও প্রচার করা হচ্ছে। সেনা মোতায়েন নিয়ে বিভ্রান্তি দূর করার জন্যই এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সিটি নির্বাচন ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেনানিবাস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। সেখান থেকে মিরপুর বা উত্তরা যাওয়া যেমন সহজ, তেমনি দক্ষিণে যাওয়াও সহজ। তাই সুবিধার জন্য ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থান করলেও কমিশনের মোতায়েন করা সেনাবাহিনীর ইউনিটসমূহ সম্পূর্ণ প্রস্তুত থাকবে, যেভাবে সেনানিবাসের বাইরে বিভিন্ন স্টেডিয়াম অথবা অন্যান্য অস্থায়ী ক্যাম্পে থেকে থাকে। এতে করে ডাক পড়লে তাৎক্ষণিকভাবে তারা মুভ করতে পারে। ভোট গ্রহণের দিন বিভিন্ন যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। ফলে রাস্তায় যানজট থাকবে না। তাই খুব দ্রুত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
বিজ্ঞপ্তিতে আগের নির্বাচনের উদাহরণ টেনে বলা হয়েছে, ২০০১ এবং ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ছাড়া আর কোনো সময়ই সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বা রাস্তায় টহল দেয়নি। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান নেয় এবং রিটার্নিং অফিসার ডাকলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি মোকাবিলা করেছে। জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচন যেহেতু সারা দেশে অনুষ্ঠিত হয় সে জন্য তাদের সুবিধামতো স্থানে অস্থায়ী ক্যাম্প করে থাকতে হয়। তারা ক্যাম্পেই রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করে। ডাক পড়লে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।