সেনা, পুলিশ ও আমলাদের তিন আবাসন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী, পুলিশ ও সরকারি আমলাদের জন্য আলাদা তিনটি আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পর্যালোচনা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি৷ গতকাল বুধবার সচিবালয়ে কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

একই সভায় রাজধানীতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া আর কোনো ভবনের অনুমোদন না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়৷ শুধু বাণিজ্যিক নয়, ব্যক্তিমালিকানাধীন বহুতল ভবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে৷ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে৷

এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞের ব্যাখ্যা ও পরামর্শ বিবেচনা করে শীতলক্ষ৵া ও বালু নদীর মধ্যবর্তী এলাকা রূপগঞ্জে সেনাবাহিনীর ‘জলসিঁড়ি’ আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ তিনি বলেন, এ প্রকল্পের জন্য পরিবেশের কোনো ক্ষতি হবে না৷ প্রকল্পের জন্য ড্যাপও বাধাগ্রস্ত হবে না৷

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর জন্য ‘জলসিঁড়ি’ প্রকল্পে ৬৬ হাজার পরিবারের আবাসন সুবিধা হবে৷ এ ছাড়া পুলিশের জন্য ‘পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি’ এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ‘প্রত্যাশা’ নামে দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়৷ পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দুই প্রকল্পের প্রতিটির আ​য়তন ৫০ একর৷ সরকারি কর্মকর্তাদের জন্য আবাসন প্রকল্প হবে তুরাগ নদের পাশে, টঙ্গীতে৷

ভবনে ইটিপি স্থাপনের সিদ্ধান্তের কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, এত দিন শুধু সেপটিক ট্যাংক করেই অনেকে ঘরবাড়ি করেছেন, যেটা দুর্গন্ধ ছড়ায়৷ তাই রাজউককে বহুতল ভবনের নকশা পাস হওয়ার সময় নিশ্চিত করতে হবে, যেন ইটিপি বসানো হয়৷ ছোট-বড় সব ধরনের ইটিপি পাওয়া যায়৷ কয়েকজন মিলে এই ইটিপি স্থাপন করতে পারবে৷

বহুতল ভবনে ইটিপি বসানোর গণবিজ্ঞপ্তি জারির বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ইমারত নির্মাণ বিধিমালার আলোকে পরীক্ষা-িনরীক্ষা করে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে৷ তাই কিছুটা সময় লাগতে পারে৷

সভায় জাপানের অর্থায়নে ঢাকা ও আশপাশের চার নদী পরিচ্ছন্ন করার কাজ হবে বলে সিদ্ধান্ত হয়৷ সভায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন৷