সেনা মোতায়েন দাবি বিএনপির দুই মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর ও পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী। গতকাল বৃহস্পতিবার তাঁরা বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তাঁরা ওই দুই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

 স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়। এতে বরগুনা সদরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলম ও পাথরঘাটা পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মল্লিক মোহাম্মদ আইউব বক্তব্য দেন। এ সময় নজরুল বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসানের লোকজন শহরে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এরই মধ্যে তাঁর লোকজন একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর উঠান বৈঠকে হামলা চালিয়েছেন। তবে কামরুল আহসান বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

মল্লিক মোহাম্মদ আইউব অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন আমাদের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় নামতে দিচ্ছেন না। আনোয়ারের সমর্থকেরা আমার কর্মীদের বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন, হামলা চালাচ্ছেন।তাই আমরা নির্বাচনের সাত দিন আগে ও নির্বাচনের তিন দিন পর পর্যন্ত বরগুনা সদর ও পাথরঘাটায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।