নাটোরের সিংড়া উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র পদপ্রার্থী সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও বিনা অপরাধে নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন। তিনি নির্বাচনের এক সপ্তাহ আগেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
এদিকে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নাটোর পৌরসভার এক কাউন্সিলর পদপ্রার্থীর প্রচারণার মাইক ও মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হুমকি-ধমকির কারণে তিনি গতকাল রোববার সকাল থেকে প্রচারণায় নামতে পারেননি বলেও জানিয়েছেন।
সিংড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র ও ম্যাব মহাসচিব শামিম আল রাজি ভোটের এক সপ্তাহ আগে থেকেই সেনা মোতায়েনের দাবি জানান। তিনি ছাড়াও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সিংড়া থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বজলার রহমান, সহসভাপতি আলী আজগর, আবদুল গফুর ও নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, ২০-দলীয় জোটের সদস্যসচিব দাউদার মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে শামিম আল রাজি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী একই ওয়ার্ডে পাঁচ-সাতটি করে নির্বাচনী ক্যাম্প করেছেন আর বিএনপি অফিস করেছে মাত্র তিনটি। এর মধ্যে কতুয়াবাড়ীর অফিসটি আওয়ামী লীগের ফাইভ স্টার বাহিনীর অন্যতম সদস্য ডনসহ ১০-১২ জন এসে বন্ধ করে দিয়ে গেছে।
সম্মেলনে বলা হয়, কোনো কারণ ছাড়াই পুলিশ পৌরসভা ওলামা দলের সভাপতি আতিকুর রহমান ও যুবদলের নেতা নিয়ামুল শেখকে আটক এবং জেলা সাইবার দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের নামে মামলা দিয়েছে। সব ওয়ার্ডে প্রচারণা ও পোস্টার টানাতে বাধা দেওয়ার পাশাপাশি ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণার সময় জ্যেষ্ঠ আইনজীবী হারুন অর রশিদকে লাঞ্ছিত করে বের করে দিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী ডন ও সামু। এঁরা প্রার্থী শামিম আল রাজির কাজেও বাধা দিচ্ছেন। রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে এসব বিষয়ে অবগত করলেও তিনি ব্যবস্থা নিচ্ছেন না।
তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জান্নাতুল ফেরদৌস এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী রোকনুজ্জামান গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে প্রতিপক্ষ সরকারদলীয় প্রার্থী মোস্তারুল আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
রোকনুজ্জামান বলেন, প্রতিপক্ষ প্রার্থী মোস্তারুল আলম ও তাঁর কর্মী-সমর্থকেরা তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন। তাঁরা মাইক ও মেমোরি কার্ড কেড়ে নিয়েছেন। এ অবস্থায় তিনি গতকাল রোববার সকাল থেকে প্রচারণা বন্ধ করে দিয়েছেন। বেলা আড়াইটার দিকে বলেন, তিনি সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে এসে বসে আছেন। এ ব্যাপারে ব্যবস্থা না নিলে তাঁর পক্ষে নির্বাচন করাই মুশকিল হয়ে পড়বে।
তবে মোস্তারুল আলম বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। আমি বা আমার কেউ তাঁকে প্রচারণায় বাধা দেয়নি এবং মাইক ও মেমোরি কার্ড কেড়ে নেয়নি। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় রোকনুজ্জামান মিথ্যা অভিযোগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান বলেন, অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।