পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিএনপির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানায়। সন্ধ্যায় সিইসি সাংবাদিকদের বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতির এখনো সৃষ্টি হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন প্রমুখ।
বৈঠক শেষে মইন খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি সর্বশেষ নির্বাচন কমিশনে এসেছিল ৮ ডিসেম্বর। এর মধ্যে দুই সপ্তাহ কেটে গেছে। এই সময়ে আমরা মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করেছি। মাঠে সংঘাত-হানাহানি চলছে। এমনকি গোলাগুলিও হয়েছে। বিরোধী দলের প্রার্থী-সমর্থকেরা সরকারি দলের আক্রমণের শিকার হচ্ছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বলে কিছু নেই। এ অবস্থায় বিরোধী দল নির্বাচনে থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।’
দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন হওয়ায় এবারের স্থানীয় এই নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে উল্লেখ করে মইন খান বলেন, ‘দেড় শ বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে ব্যক্তিকেন্দ্রিক। এবারই প্রথম দলীয়ভাবে হচ্ছে। নির্বাচনে এখন আর ব্যক্তির প্রভাব নেই। যে কারণে দ্বন্দ্ব-সংঘাতের সৃষ্টি হচ্ছে। গতকাল আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িতে হামলা হয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ যে নির্ভয়ে ভোট দিতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। সে জন্য বিএনপি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। সেটা করা হলে মানুষ নির্ভয়ে তাঁর ভোট দিতে পারবেন।’
মইন খান বলেন, সিইসি আগেও বলেছেন সেনা মোতায়েনের প্রয়োজন নেই। কিন্তু তিনি যখন ওই কথা বলেছিলেন, সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়।
সেনা মোতায়েন না হলে বিএনপি কি নির্বাচন বর্জন করবে—এ প্রশ্নের জবাবে মইন খান কিছু বলেননি। তিনি বলেন, ‘সিইসি বলেছেন আইনগতভাবে যা যা করণীয়, তা তিনি করবেন। আমরা কমিশনকে সেই ব্যবস্থা নিতে বলেছি, যাতে কমিশনের প্রতি মানুষের আস্থা বাড়ে। কমিশন সেনাবাহিনী মোতায়েন করবে কি না, তা আমরা জানি না। তবে আইন অনুযায়ী কমিশন কোনো সিদ্ধান্ত নিলে সরকার তা মানতে বাধ্য।’
সর্বশেষ ২০১১ সালের ১২ থেকে ১৮ জানুয়ারি দেশের আড়াই শর মতো পৌরসভায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছিল কমিশন।
সন্ধ্যার পর দপ্তর ছেড়ে যাওয়ার আগে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কমিশন মাঠ থেকে প্রতিবেদন পেয়েছে। আমরাও পর্যবেক্ষণ করছি। সেনা মোতায়েনের কোনো প্রয়োজন হবে না। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাঁদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাহী হাকিমেরা অভিযুক্ত ব্যক্তিদের হাজার হাজার টাকা জরিমানা করছেন।’