ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেনাসদস্যরা ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ও রিজার্ভ বাহিনী হিসেবে নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল মঙ্গলবার বিকেলে কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হয়। বিকেলে কমিশন সচিবালয় থেকে সেনা মোতায়েনের চাহিদা জানিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর চিঠি পাঠানো হয়েছে। কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলমের স্বাক্ষর করা এই চিঠিতে প্রতিটি সিটি করপোরেশনে এক ব্যাটালিয়ন করে সেনাসদস্য মোতায়েন করতে বলা হয়েছে। এর আগে ১৯ এপ্রিল কমিশন তিন সিটিতে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।
সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ১২৯ ও ১৩০ ধারা অনুযায়ী কমিশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সংবিধানে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কাজে সহায়তা করা রাষ্ট্রের সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোলযোগ দেখা দিলে তা ছত্রভঙ্গ করার জন্য দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী তলব করতে পারবেন। তখন সেনাসদস্যরা গোলযোগকারীদের শাস্তি দেওয়ার জন্য আটক করতে পারবেন।
এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কমিশন সেনা মোতায়েনের চাহিদা জানালেও সরকার তা আমলে নেয়নি।
গতকাল সংবাদ ব্রিফিংয়ে সিইসি বলেন, তিন সিটিতেই নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবুও ভোটারদের মনে স্বস্তি দিতে এবং ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে আসতে ও যেতে পারেন, সে জন্য ২৮ এপ্রিল ভোটের দিন, তার আগের দুই দিন ও নির্বাচনের পরের দিন পর্যন্ত সেনাবাহিনী নির্বাচনের কাজে সহযোগিতা করবে। আশা করা যায়, এখন পর্যন্ত যে পরিবেশ, তাতে নির্বাচন সুষ্ঠু হবে।
প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে কাজী রকিবউদ্দীন বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত কয়েকজন মেয়র পদপ্রার্থীকে সতর্ক করেছেন। ভ্রাম্যমাণ আদালত কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে এক লাখ টাকারও বেশি জরিমানা আদায় করেছেন।
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া-সংক্রান্ত বিএনপির দাবি সম্পর্কে সিইসি বলেন, সেনাসদস্যরা মাঠে যথেষ্ট কার্যকর। তাঁরা দুঃসময়ে মানুষের পাশে থাকেন। তবে বিচারিক কাজ আইন মোতাবেক হবে। সে জন্য ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে বিএনপি ও তাদের সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, বিষয়টির তদন্ত চলছে। ব্যবস্থা নেওয়া হবে। কমিশন পুলিশের কাছ থেকে খবর নিয়েছে। হামলা দুদিক থেকে হয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এর আগে কখনো ব্যর্থ হয়নি! মিরপুর শেরেবাংলায় আজই তাহলে মাশরাফিদের উৎসবের রাত, উদ্যাপনের রাত!