সেনা মোতায়েন ও ইসির নিরপেক্ষ ভূমিকা দাবি মনিরুজ্জামান পক্ষের
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনা মোতায়েন এবং নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা দাবি করেছে ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম। এই ফোরামের মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান।
গতকাল রোববার দুপুরে স্থানীয় উদয়ন ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম। ফোরামের নেতা ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন অবাধ-নিরপেক্ষ হবে কি না তা নিয়ে মানুষের সন্দেহ আছে। সেই সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক। এক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে আমরা একাধিক অভিযোগ করেছি। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের আহ্বায়ক সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম ও জেলা বিএনপির সহসভাপতি শাহরুজ্জামান মর্তুজা প্রমুখ।