
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ নির্বাচন কমিশনকে ‘অথর্ব’ মন্তব্য করে পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেন। এ সময় তিনি ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের ওপর হামলার ২০টি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে তাও সরকারের কাছে ঠেলে দিচ্ছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের লাল-হলুদ কার্ড না দেখিয়ে হাত দিয়ে গোল দিয়ে ক্ষমতাসীন দলকে জয় পাইয়ে দিচ্ছে। অথচ সুষ্ঠু ভোট হলে ৮০ ভাগ পৌরসভায় বিএনপি জয়ী হবে।
হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, মন্ত্রী-এমপিরা আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন নির্বিকার। ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই নির্বাচন। ভোটারদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখার জন্য সহিংসতা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচন করার জন্য মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই মিডিয়াকে বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এবার নির্বাচনে সাংবাদিকদের ঢুকতে হলে প্রিসাইডিং কর্মকর্তাদের অনুমতি নিতে হবে। ফলে নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। নির্বাচনের পরই তুমুল গণ-আন্দোলনে হবে।
এর আগে গতকাল সকালে মেজর হাফিজ ভোলা পৌর এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। তারা ভোটারদের দ্বারে দ্বারে না গিয়ে ঘরে বসে নির্বাচন করবে। সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করবে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।