সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছে নগর বিএনপি।
গতকাল বৃহস্পতিবার খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে মতবিনিময়কালে খুলনা নগর বিএনপির নেতারা এ দাবি জানান।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে নগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম এবং নগর সম্পাদক ও মেয়র পদে অন্যতম প্রার্থী মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রিটার্নিং অফিসার মোস্তফা ফারুকের সঙ্গে মতবিনিময় করে। রিটার্নিং অফিসারের কাছে তারা সেনা মোতায়েনের দাবি জানান। একই সঙ্গে ক্ষমতাসীন দলের সমর্থক পুলিশ কর্মকর্তাদের অন্যত্র বদলি করার দাবি জানায় তারা।
মো. মনিরুজ্জামান বলেন, সিটি করপোরেশন একটি স্থানীয় সরকার নির্বাচন হলেও বর্তমান ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্নভাবে এ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন। তাই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে তাঁরা সেনা মোতায়েন করার দাবি জানিয়েছেন।
বিএনপির নেতাদের এ দাবির ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে তাঁরা দেখা করে কেসিসি নির্বাচনে কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি যাতে না হয় সেসব নিয়ে বলেছেন। আমি তাঁদের বলেছি, নির্বাচন অবাধ করতে আমার যা যা করণীয় তা আমি করব।’