সেনা মোতায়েনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। এ ছাড়া তাঁরা বিএনপির লোকদের মারধর ও তাঁদের বাড়িঘর ভাঙচুর করছেন। তাঁরা বিএনপিকে প্রচারণা চালাতে বাধা দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে।
গত রোববার বিকেল পাঁচটায় বরিশাল নগরে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সেলিমা রহমান। বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক সেলিমা রহমান বলেন, ‘আমরা ভীতসন্ত্রস্ত। এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। আমাদের প্রার্থী-সমর্থকদের মারধর করা হচ্ছে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। তাই নির্বাচনে সেনা মোতায়েন করা জরুরি। শুধু তা-ই নয়, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের অসহায়ভাবে লড়াই করতে হচ্ছে। সরকারকে বলব, নির্বাচনটা সুষ্ঠু হতে দিন। ধানের শীষের জোয়ার এসেছে। যদি দুপুর ১২টা পর্যন্ত ভোট হয়, তাহলে সব আসনে বিএনপি বিজয়ী হবে।’ সেলিমা রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত। এরপরও আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হোক। নির্বাচন নিয়ে সরকার যতই প্রহসন করুক, এর শেষ দেখতে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে।’
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার বলেন, ভোটারবিহীন সংসদ নির্বাচন হয়েছে ও উপজেলা নির্বাচন হয়েছে। এখন পৌর নির্বাচনও সেভাবেই করার কৌশল নিয়েছে সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং সেলের সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন, জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ, সাবেক সাংসদ বিলকিস জাহান শিরিন প্রমুখ।