সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মোশারফ হোসেন। রায়গঞ্জ উপজেলা ও থানা প্রশাসনের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি এ দাবি করেন।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার বাগানবাড়ি এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের ক্ষমতাসীন দলের সমর্থকেরা হুমকিধমকি দিচ্ছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও বরাবর আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। রায়গঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
সরকারি দলের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন।