সেনা মোতায়েনের পক্ষে কমিশনে জোরালো মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে জোরালো মত এসেছে নির্বাচন কমিশনে। এ বিষয়ে গতকাল রোববার কমিশনের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। আজ সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, কমিশন ২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন, তার আগের দুই দিন ও পরের দিন মিলিয়ে মোট চার দিন মাঠপর্যায়ে সেনা মোতায়েন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেনাসদস্যরা বিশেষ বাহিনী হিসেবে ভোটকেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করবেন। আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না হওয়ায় তাঁরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এর আগে গতকাল বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নির্বাচনে নাশকতার কোনো আশঙ্কা নেই। প্রয়োজনে পুলিশ ও বিজিবির সংখ্যা নির্বাচন কমিশনের চাহিদার দ্বিগুণ করে দেওয়া যাবে।
আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
পরে বিকেলে সিইসি চার কমিশনারকে নিয়ে তাঁর কক্ষে বৈঠকে বসেন। বৈঠকে কমিশন নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দেয়। একই সঙ্গে ভোটকেন্দ্র ও তার বাইরে পুলিশ, বিজিবি ও র‍্যাবের সংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।
আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার মতামত শুনলাম। সবাই বলছে, নির্বাচন-পূর্ব অবস্থা ভালো। কমিশন সবার প্রতিবেদন নিয়ে বসবে। তারপর বুঝে-শুনে আজ, কাল বা পরশুর মধ্যে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ আমরা দেখছি। দেখে মনে হচ্ছে, অবস্থা ভালোই। বৈঠকেও সবাই বলেছেন, পরিবেশ সুষ্ঠু। তবে তাঁদের বলেছি, খেয়াল রাখবেন, বিষয়টি ঝড়ের আগের থমথমে অবস্থা কি না।’
সিইসি বলেন, প্রার্থী তো মাত্র কয়জন। ভোটার অনেক। ভোটারদের কথা ভাবতে হবে। তাই কেউ যদি বলপ্রয়োগ করে, তাঁর বিরুদ্ধে দ্বিগুণ বলপ্রয়োগ করতে হবে।
আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে উপস্থিত কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, কমিশন চাইলে সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করতে প্রস্তুত আছে।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন বলেন, বিভিন্ন ওয়ার্ডে একই দলের একাধিক প্রার্থী আছেন। জেতার জন্য তাঁরাও বলপ্রয়োগ করতে পারেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের অবহেলা ক্ষমা করা হবে না। অস্ত্র পকেটে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করতে হবে।’
এ সময় নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ব্যালট পেপার ছিনতাই যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে গুলি চালাতে হবে। তবে ফাঁকা গুলি নয়। সন্ত্রাসীদের কোমরের নিচে গুলি করতে হবে।
কমিশনার জাবেদ আলী বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের অতীতের কার্যক্রম খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়া যেতে পারে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, খালেদা জিয়া দলীয় প্রধান হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। বিষয়টি আচরণবিধির লঙ্ঘন কি না, তা খতিয়ে দেখা উচিত।
খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে আইনগত বাধা না থাকলেও আইজিপির এই বক্তব্যের বিষয়ে কমিশনের কেউ মন্তব্য করেননি বলে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, মন্ত্রীবর্গ বা তাঁদের সমপদমর্যাদার কর্মকর্তারা এর আওতায় পড়বেন। তাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।