সেনা মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের সচিবালয়কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
গতকাল সোমবার কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেছেন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে দু-এক দিনের মধ্যে কমিশনের সিদ্ধান্ত জানা যাবে।
কমিশন রোববার ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটিতে ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। গতকাল কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত নথি উত্থাপন করা হয়। সূত্র জানায়, গতকাল নির্বাচন কমিশনার জাবেদ আলী সীমিত পরিসরে এবং মোহাম্মদ শাহনেওয়াজ পর্যাপ্ত সেনা মোতায়েনের পক্ষে মত দিয়ে নথিতে সই করেছেন। আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও আবু হাফিজ তাঁদের লিখিত মতামত দেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।