সেনা মোতায়েনের মতো অবস্থা হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতির উদ্ভব হয়নি বলেও মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। গতকাল সোমবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতি কেন্দ্রে ২২ থেকে ২৪ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এর বাইরে র্যাব, বিজিবি ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। সংখ্যালঘু অধ্যুষিত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আরও বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশ, আনসার, ভিডিপি, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয় করে কাজ করবে।
সিটি নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সঙ্গে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
এর আগে চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ১৯ এপ্রিল আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে হবে।’
রিটার্নিং কর্মকর্তা বলেন, বহিরাগত মাস্তান, সন্ত্রাসীরা যাতে নগরে প্রবেশ করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করতে হবে।
সভায় ডিজিএফআইয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম, ২৮ ব্যাটালিয়ন বিজিবির উপপরিচালক মেজর তানভির মাহমুদ, র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গির আলম, ডিজিএফআইর উপপরিচালক শফিউল আহমেদ, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) এস এম তানভির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।