নির্বাচন করবেই সরকার: রাতে গণভবনে জরুরি বৈঠকে সিদ্ধান্ত
সেনা মোতায়েন ও জরুরি অবস্থা নিয়েও আলোচনা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাতে গণভবনে দল ও জোটের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন হবেই এবং দেশে সাংবিধানিক-প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।
বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার আরও কঠোর অবস্থান নেবে বলেও আলোচনা হয়। এ ছাড়া বৈঠকে সেনা মোতায়েন ও জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি বা প্রয়োজনীয়তা আছে কি না, তা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
এর মধ্যে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের এক ফাঁকে সেনাবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক ও কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা বৈঠক করেন।
আজ বুধবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হবে বলে জানা গেছে।
গণভবন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে আওয়ামী লীগ ও জোটের শরিক দলের জ্যেষ্ঠ নেতারা গণভবনে যাওয়া শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষ হয়। এতে জাপার সভাপতিমণ্ডলীর দুই সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুও ছিলেন।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে জাপার দুই নেতার কাছে এরশাদের নির্বাচন বর্জনের এই ঘোষণা সম্পর্কে জানতে চাওয়া হয়। তাঁরা বলেছেন, কিছুটা সমস্যা হয়েছে, তবে এটা ঠিক হয়ে যাবে।
বৈঠকে বলা হয়, এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণার বিষয়ে সরকারের কেউ নেতিবাচক কোনো মন্তব্য করবেন না। একজন নেতা বলেন, তাঁকে নিয়ে এভাবেই চলতে হবে।
বৈঠকে আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, সরকারের সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, নির্বাচন থেকে পিছু হটার সুযোগ নেই। একবার নির্বাচন করে নতুন সরকার গঠন হয়ে গেলে আন্দোলন করার মতো মনোবল প্রধান বিরোধী দলের থাকবে না।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এরশাদের আকস্মিক ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা বিস্মিত হলেও বিচলিত নন। এরশাদের ওই ঘোষণার পর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী গাজীপুরে রওনা হন। সেখানে আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড পোশাক কারখানা পরিদর্শন করেন তিনি।
ওই কর্মকর্তার মতে, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচন বন্ধ করাও সরকারের পক্ষে সম্ভব নয়। আর নির্বাচন বন্ধ করলে অসাংবিধানিক কোনো পক্ষের কাছে ক্ষমতা দিতে হবে।
সরকারদলীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো কারণে নির্বাচন না হলে বিকল্প হচ্ছে জরুরি অবস্থা জারি করা। সে ক্ষেত্রেও দেশ পরিচালনা করবে বর্তমান সরকার। তখন জরুরি পরিস্থিতির মধ্যে বিরোধী দলের পক্ষে আন্দোলন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে ওই প্রক্রিয়ায় পরিস্থিতি সাময়িক সামাল দেওয়া গেলেও রাজনৈতিক অনিশ্চয়তা ক্রমাগত বাড়তেই থাকবে।
বতর্মান সহিংস পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব কি না, এ প্রশ্নটি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনা চলছে। সরকার মনে করছে, এ অবস্থার মধ্যেও নির্বাচন করা সম্ভব। সেই চেষ্টা ব্যর্থ হলে যে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হবে, তাতে ক্ষমতা সরকারের হাতেই থাকবে।
তবে এ মুহূর্তে সরকার ‘ঢিলের জবাবে পাটকেল’ ছোড়ার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে। ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সরকার কৌশলগত কারণে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সফর শেষ না হওয়া পর্যন্ত সরকার কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। তিনি আগামী শুক্রবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সহিংসতায় জড়িত ব্যক্তিদের মনে যাতে সাময়িক ভয় ও ত্রাস সৃষ্টি হয়, এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফর শেষে ওই অভিযান শুরু হবে।
এ প্রসঙ্গে সরকারের নীতিনির্ধারকদের যুক্তি হচ্ছে, হেফাজতে ইসলামের শাপলা চত্বরের কর্মসূচি দমন করে সরকার তার দুর্বল অবস্থান কাটিয়ে উঠেছিল। ওই ঘটনার পর সাধারণ মানুষ, এমনকি সরকারি দলের নেতা-কর্মীরা বুঝতে পেরেছিলেন যে দেশে একটি শক্তিশালী সরকার আছে। ওই অভিজ্ঞতার আলোকে এখনকার পরিস্থিতি মোকাবিলায়ও সরকার কঠোর হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, বিরোধী দল ঘোষণা দিয়ে যেভাবে নিষ্ঠুর ও অমানবিক কায়দায় মানুষ মারছে, তাতে সর্বশক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, কীভাবে সহিংসতা দমন করতে হবে, তা ঠিক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পরিস্থিতি ও প্রেক্ষাপট পর্যালোচনা করে সম্মিলিতিভাবে সহিংসতা দমনে প্রয়োজনে র্যাব, পুলিশ, বিজিবি এবং আনসারের সমন্বয়ে যেকোনো ধরনের কঠোর কর্মসূচি পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।