ভোটের ১৫ দিন আগে সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এ ছাড়া ১০০ আসন করে তিন ধাপে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১০ সদস্যের প্রতিনিধি নিয়ে সংলাপে অংশ নেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এরপর বিকেলে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব সৈয়দ বাহাদুর শাহর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল সংলাপে করে অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন।
মতবিনিময় শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আটটি সুপারিশ করা হয়েছে; চারটি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো কারণেই হোক পলিটিসাইজড হয়ে গেছে। তাই তাদের ওপর জনগণ আস্থা রাখতে পারছে না যে নির্বাচন সুষ্ঠু হবে। এ ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠু নির্বাচন হবে এবং এটি জনগণের বিশ্বাস।’ তিনি বলেন, তাঁরা নির্বাচনের ৮ থেকে ১৫ দিন আগে সেনা মোতায়েনের জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছেন।
কল্যাণ পার্টির অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির সক্ষমতা বৃদ্ধি, প্রবাসীদের ভোটাধিকার দেওয়া, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং কোনো জোটের প্রার্থীদের শরিক দলের যেকোনো প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব সৈয়দ বাহাদুর শাহ সংলাপ শেষে সাংবাদিকদের বলেন, তাঁরা ১২ দফা সুপারিশ তুলে ধরেছেন। যার মধ্যে তিন ধাপে সংসদ নির্বাচনের প্রস্তাবও রয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০০ আসন করে তিন ধাপে ৩০০ আসনে নির্বাচন করতে হবে।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইসি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে তারা। এ পর্যন্ত ইসি ৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।