সেনা মোতায়েন নিয়ে ইসি দোদুল্যমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে কেউ সেনা মোতায়েন চেয়েছে, কেউ চায়নি। এর ফলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দোদুল্যমান হয়ে পড়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মত প্রকাশ করেছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মোর্চার পক্ষ থেকে ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন (৭ থেকে ২৩ এপ্রিল) প্রকাশ করা হয়।
সম্মেলনে বলা হয়, পর্যবেক্ষণকালে ভোটাররা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। নির্বাচনের দিন সেনাবাহিনী সেনানিবাসে থাকবে নাকি ভোটকেন্দ্র এলাকায় টহল দেবে, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এসব সংশয় সহিংসতা বাড়িয়ে দিতে পারে এবং এতে ভোটার উপস্থিতি কমে যেতে পারে বলে লিখিত বক্তব্যে জানায় ইডব্লিউজি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইডব্লিউজি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আচরণ বিধিমালার উল্লেখযোগ্যসংখ্যক লঙ্ঘন পর্যবেক্ষণ করেছে। এ সব লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে খুবই সীমিত আকারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দেখা গেছে। তবে বিধিমালার এসব লঙ্ঘন সত্ত্বেও বেশির ভাগ প্রচার ছিল শান্তিপূর্ণ।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী সহিংসতার কয়েকটি উদাহরণ তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন কমিশন চিঠি দিয়ে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে চিঠি দেওয়া সত্ত্বেও সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজেকে আচরণবিধির ঊর্ধ্বে বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। এ ছাড়া খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ কর্মীদের হামলাসহ কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়।
তবে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনকে স্বাগত জানায় ইডব্লিউজি।
এক প্রশ্নের জবাবে এই মোর্চার সঙ্গে জড়িতরা জানান, ২৮টি সংগঠন নিয়ে গঠিত এই মোর্চার ২৮ জনের মতের ভিন্নতা থাকতে পারে। তবে তাঁরা সবাই সামগ্রিকতায় বিশ্বাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইডব্লিউজির পরিচালক মো. আব্দুল আলীম। বক্তব্য রাখেন মোর্চার স্টিয়ারিং কমিটির সদস্য তালেয়া রেহমান, এ এইচ এম নোমান ও ইমাম হাসানাত।