সেনা মোতায়েন ২৬ ডিসেম্বর

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে ২৬ ডিসেম্বর। ৯ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে অবস্থান করবে।
আজ শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচনী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিইসি কাজী রকিব উদ্দীন সাংবাদিকদের বলেন, যে ১৪৬টি আসনে ভোট হবে, সেসব এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। সিইসি জানান, সারা দেশের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী ২০০৮ সালের নির্বাচনে ১২ দিন, ২০০১ সালের নির্বাচনে ১৫ দিন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে ২০ দিনের জন্য নির্বাচনী দায়িত্ব পালন করেছিল।
রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলন কক্ষে আজকের বৈঠকটি হয়। জেলা প্রশাসক (রিটার্নিং কর্মকর্তা), পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি সারা দেশের ১৪৬টি আসনে ভোট গ্রহণ হবে। একমাত্র প্রার্থী থাকায় ইতিমধ্যেই ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হয়েছেন।
বৈঠক শেষে সন্ধ্যার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ২৬ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য মাঠপর্যায়ে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, সারা দেশের পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কমিশনকে অবহিত করেছেন। তাঁরা বলেছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আরও উন্নতি হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাসায় ফিরে যেতে পারবেন।
অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা টাকার বিনিময়ে সন্ত্রাসী কার্যকলাপ করে। আইনত কারও কাছে অবৈধ অস্ত্র থাকার কথা নয়। থাকলে তা উদ্ধার করতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
বৈঠকে জানানো হয়, নির্বাচনী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও আর্মড পুলিশ। পুলিশের ভ্রাম্যমাণ দলে সহযোগী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে ব্যাটলিয়ন আনসার। তবে সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করবে না।
কাজী রকিব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান শিকদার, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, পুলিশের মহাপরিদর্শক খন্দকার হাসান মাহমুদ এবং বিজিবি, র্যাব, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।