ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের আগের সিদ্ধান্ত বলবৎ রাখতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে বলা হয়, উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পূর্বসিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে আসতে পারে বলে তাঁরা জেনেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কমিশন আগের সিদ্ধান্ত বহাল রেখে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে, এটাই বিএনপির প্রত্যাশা। তিনি বলেন, সেনা মোতায়েন করা না হলে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে বিএনপি শঙ্কিত।সংবাদ সম্মেলনে উপনির্বাচন-সংশ্লিষ্ট এলাকার একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) ও দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানানো হয়।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, উপনির্বাচনে পুলিশ ও স্থানীয় প্রশাসন সরকারি দলের সঙ্গে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল এএসপি সঞ্জয় সরকার ও সদর থানার ওসি দুলাল মাহমুদ সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন।