সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্ত হবে ইসির বৈঠকে

নির্বাচন কমিশন (ইসি) নিজেদের মধ্যে বৈঠক করে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আজ রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় কমিশনের সদস্য, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি।
সিইসি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন আছে কি না, নামানো হবে কি হবে না, নির্বাচন কমিশন সে সিদ্ধান্ত নেবে। সেনাবাহিনী মোতায়েন করার সময় আছে। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বুঝেশুনেই ডাক দেওয়া হবে। তারা ওই ডাকে সাড়া দেবে। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আজকের বৈঠকে রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার মতামত শুনলাম। আপনাদের (গণমাধ্যম) কাছ থেকেও জানছি। সবাই বলছে, নির্বাচনপূর্ব অবস্থা ভালো আছে। সব প্রতিবেদন নিয়ে কমিশন বসবে। সেনা মোতায়েন করা হবে কি না, কমিশন সিদ্ধান্ত নেবে।’
ইসি সেনা মোতায়েনের বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত নেবে—সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘কাল, পরশু বা তার পরদিন কমিশন সিদ্ধান্ত নেবে।’ বর্তমানে নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু আছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ আমরাও দেখছি। সব দেখে মনে হচ্ছে, অবস্থা ভালোই আছে। আজকের সভাতেও সবাই বলেছেন, পরিবেশ সুষ্ঠু রয়েছে। তাঁদের বলেছি, খেয়াল রাখেন ঝড়ের আগের থমথমে অবস্থা কি না।’
প্রার্থীদের অনেকেই আস্থার জন্য সেনা মোতায়েন করতে বলেছেন—একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘শুধু প্রার্থীদের কথা চিন্তা করলে হবে না। প্রার্থী তো মাত্র কয়জন। ভোটার অনেক। ভোটারদের কথাও চিন্তা করতে হবে। ভোটের দিন বা নির্বাচনের পরও সহিংসতার ঘটনা ঘটতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে। তারা প্রমিজ করেছে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’
ভোটকেন্দ্রে অহেতুক ঘটনা যাতে না ঘটে সে প্রসঙ্গে সিইসি বলেন, কেউ যদি বলপ্রয়োগ করে দ্বিগুণ বলপ্রয়োগ করা হবে। তিনি গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে উপকৃত করবেন। সঠিকভাবে তথ্য উপস্থাপন করবেন। আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা তথ্য দিচ্ছেন। আপনারা মেহেরবানি করে জাতির সামনে উপস্থাপন করেন।’
প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পাশাপাশি খবরের কাগজে আচরণবিধি লঙ্ঘনের যে খবর প্রকাশিত হয়, তাও আমলে নেওয়া হবে বলে জানান সিইসি। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা খবরের তথ্য যাচাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মেয়র পদপ্রার্থীদেরও সতর্ক করা হয়েছে বলে উল্লেখ করে সিইসি বলেন, মেয়র প্রার্থীরা প্রথম ভুলে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে পুনরাবৃত্তি হলে শাস্তি পেতে হবে। তিনি জানিয়ে দেন, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে ঢালাও অভিযোগ আমলে নেওয়া হবে না। এ জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে হবে।
নির্বাচনী প্রচারকাজে মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ আচরণবিধির লঙ্ঘন কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আচরণবিধিতে স্পষ্ট বলা আছে। তা বাংলায় লেখা আছে। মন্ত্রী, মন্ত্রিবর্গ বা তাঁদের পদমর্যাদায় যাঁরা, তাঁরা এর আওতায় পড়বেন।’