
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে অর্থসহায়তা হিসেবে চেক হস্তান্তর করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) মাধ্যমে পরিবারপ্রতি চার লাখ ৮০ হাজার টাকা করে (চলতি বছরের) দেওয়া হয়। খবর বাসসের। তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের ওই ঘটনার পর প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে দেশের ২৬টি ব্যাংক শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি পরিবারকে মাসে ৪০ হাজার টাকা করে সহায়তা দিতে এগিয়ে আসে। এ সহায়তা ১০ বছর পর্যন্ত অব্যাহত থাকবে। ২০০৯ সালের ১ এপ্রিল সহায়তার প্রথম চেক বিতরণ করা হয়। গত পাঁচ বছরে এসব পরিবারকে ১৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।