সেনা সদস্যদের প্রশিক্ষণে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বোচ্চ মানের পেশাদারি অর্জনে সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, প্রশিক্ষণের পাশাপাশি কঠোর নিয়মানুবর্তিতা সেনাবাহিনীর একজন সদস্যকে পেশাগত দক্ষতার চূড়ায় পৌঁছে দিতে পারে। খবর বাসসের।
চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে আর্টিলারি রেজিমেন্টের পঞ্চম পুনর্মিলনী প্যারেডে গতকাল মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘যথাযথ প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রম একজন সাধারণ যুবককে দীপ্তমান সৈনিকে পরিণত করে। এ জন্য একটি সুশৃঙ্খল বাহিনীর উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’
সেনাবাহিনী আর্থসামাজিক উন্নয়ন, বৃক্ষরোপণ এবং ভূমিহীন ও আশ্রয়হীনদের গৃহনির্মাণের মতো বিভিন্ন কল্যাণমূলক কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর ফলে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা বাড়ছে। তিনি আর্টিলারি কোর প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এর আগে প্যারেড ভেন্যুতে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাঁকে অভ্যর্থনা জানান।
বৌদ্ধমন্দির পরিদর্শন: রাষ্ট্রপতি গতকাল নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধমন্দির পরিদর্শন করেন। তিনি মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মন্দিরে সংরক্ষিত গৌতম বুদ্ধের চুল দেখেন। রাষ্ট্রপতি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।