বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আবারও সেনা-সমর্থিত সরকার আনতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল শনিবার গণভবনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। পরে তিনি হবিগঞ্জের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এক-এগারোর মতো আবারও সেনা-সমর্থিত সরকার আনার জন্য বিরোধীদলীয় নেতাকে অনেকে বাতাস দিচ্ছেন বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলতে চাই। উনি যে আবার তাদের আনতে চাচ্ছেন। কোথায় উনার গ্যারান্টি আছে? আবার এসে বসে যদি আর না যায়, কী হবে? আপনি যে আবার চাচ্ছেন, তখন তো ছেলেদের দেশের বাইরে বের করে দিয়েছিলেন। কিন্তু এবার তো আপনার ছেলেদের আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছে। ধরে এনে বিচার করবে। ওইবার আপন লোক দিয়ে ছেলেদের বাঁচাতে পারেননি। এবার কে আছে আপনার, বুঝি না?’ শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া নয়জন জেনারেলকে ডিঙিয়ে মইন উ আহমেদকে বসিয়েছিলেন। যাতে ভোট চুরি করা যায়। ফখরুদ্দীন আহমদকে বিশ্বব্যাংক থেকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিলেন। তিনি খালেদা জিয়ার ছেলেদের অর্থ বিদেশে পাচারে সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তাঁরাই খালেদা জিয়ার দুই ছেলেকে উত্তম-মধ্যম দিয়েছে। তিনি বলেন, ‘উনাকেও (খালেদা) বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। আমি সাহস নিয়ে জোর করে দেশে না এলে তাঁকে বিদেশ পাঠানো হতো।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে খালেদা জিয়া বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন তিনি কোথায় ভালো পাগল আর শিশু খুঁজে পেয়েছেন? তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। জনগণ যাকে ভোট দিচ্ছেন, তিনিই নির্বাচিত হচ্ছেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কৃষি, খাদ্য, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ এবং এর ফলে যেসব সুফল পাওয়া গেছে সেগুলো তুলে ধরেন। তিনি বিজয়ের মাসে অবরোধসহ আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধী, রাজাকার ও আলবদরদের বাঁচানোর জন্য আন্দোলন করা দুঃখজনক।বিবাদ মেটানোর নির্দেশ: রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী হবিগঞ্জ থেকে নির্বাচিত দলীয় সাংসদদের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের আমলে নেওয়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দেন।বৈঠকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও প্রতিটি উপজেলা ও পৌরসভার প্রতিনিধিরা বক্তৃতা করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, মিজবাহউদ্দিন সিরাজ প্রমুখ।