সেনা-সমর্থিত সরকারের পথ বন্ধ করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন করার ঘোষণা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অন্তত একবার শুরু করতে হবে। আদালতের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি বলেন, অসাংবিধানিকভাবে যাতে কেউ ক্ষমতায় আসতে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে। সামরিক বা সেনা-সমর্থিত সরকার আসার পথ বন্ধ করা হয়েছে।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে দলীয় সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিতে থাকলে কিছু মানুষ কষ্ট পায়। যারা দল করতে পারে না বা ভোট করতে পারে না, অথচ তাদের ক্ষমতার খায়েশ আছে।’
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে ৬৩ হাজারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। একটা নির্বাচন নিয়েও কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। তিনি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়াসহ নানা উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরেন।
বাকশাল নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সবার সঙ্গে ক্ষমতার ভাগ করেছেন। বাকশাল করে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। যাদের এটা পছন্দ নয়, তারা নির্বাচন বা আন্দোলন করে পরিবর্তন আনতে পারত। আমরা তো সামরিক স্বৈরাচারেরও পতন ঘটিয়েছি।’ তিনি বলেন, একটা পরিবারকে হত্যা করা হলো। আর ক্ষমতায় এল সামরিক স্বৈরাচার। তারা কি ভালো ছিল? জিয়া সেনাবাহিনীর নিয়মনীতি ভঙ্গ করেছেন। তাঁর সময়ে ১৯টি অভ্যুত্থান হয়েছে। রাষ্ট্রপতি পদে ঘোষণা দিয়ে হ্যাঁ-না ভোট করা হয়েছে।
১৫ আগস্ট বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাঁর জন্মদিন কোনটা, তা নিয়ে বিতর্ক আছে। তাঁর জন্ম তারিখের ঠিক নেই। ১৫ আগস্ট তাঁর সত্যিকার জন্মদিন হলে কোনো কথা ছিল না। তিনি মিথ্যা জন্মদিন বানিয়েছেন, যার সঠিক তথ্য তিনি দেখাতে পারেননি। স্কুলে ভর্তির সময় তাঁর জন্মদিন হচ্ছে ৫ সেপ্টেম্বর। কিন্তু কাবিননামা ও পাসপোর্টে ভিন্ন তারিখ দেওয়া আছে।

প্রধানমন্ত্রী দাবি করেন, ১৯৯১ সালে ক্ষমতায় আসার বছর খানেক পর খালেদা জিয়া ১৫ আগস্ট ঘটা করে জন্মদিন পালন করা শুরু করেছেন। এর অর্থ, ১৫ আগস্টের হত্যাকারীদের উত্সাহিত করা, তাদের শক্তি জোগানো।
শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন।