সেনা হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনা হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল
সেনা হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের রাজনৈতিক সংকটের সুযোগে ২০০৭ সালের মতো সেনা হস্তক্ষেপ হবে এমন সম্ভাবনা নেই।
বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) জানায়, কুয়েত টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে হাসিনা বলেন, ‘আমাদের গণতন্ত্রের পথ আঁঁকড়ে থাকতে হবে এবং আমি মনে করি না ২০০৭ সালে যা হয়েছিল, তা আবার ঘটবে। আমরা সংবিধান অনুযায়ী ও এটার প্রতি সম্মান রেখে কাজ করব।’
আসছে বছরের শুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক অচলাবস্থার সূত্রপাত হয়েছে, সে ব্যাপারে হাসিনা বলেন, তিনি গণতন্ত্রে ও জনগণের শাসনের ওপরে আস্থা রাখেন। তিনি আরও বলেন, তাঁর মন্ত্রিসভা অনেকগুলো নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালিত করেছে এবং সেগুলোতে বিরোধী দল জিতেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা দেখেছি যে, ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অধীনে অনুষ্ঠিত নির্বাচনে (নির্বাচনী সংঘাতে) আড়াই শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এবং ঘৃণিতভাবে কারচুপি ও অস্ত্রের মুখে জাল ভোট সংগ্রহ করা হয়েছিল।’ তিনি এ-ও বলেন যে, তাঁর মন্ত্রিসভার অধীনে ওই ধরনের কোনো কাজ হবে না।
আওয়ামী লীগের প্রধান হাসিনা আরও বলেন, ‘২০০৭ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কারণ তত্কালীন রাষ্ট্রপতি, যিনি কার্যত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির সদস্য, জরুরি অবস্থা জারি করেছিলেন। তিনি-ই সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন।
হাসিনা বিস্ময় প্রকাশ করে বলেন, কেন দেশের মানুষেরা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া বা অস্ট্রেলিয়ার পদচিহ্ন অনুসরণ করতে পারছে না। ওই সব দেশের সরকারেরা নিয়মিতভাবে নির্বাচন আয়োজন করে আসছে।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলই দেশকে ২০০৭ সালের অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
‘ওই অবস্থা আর হবে না। কারণ আমরা গণতন্ত্র ধারণ ও রক্ষা করছি। কোনো শক্তিই আওয়ামী লীগকে নীতি ও সংবিধান থেকে বিচ্যুত করতে পারবে না।... গত ৩৮ বছরে ১৯টি সামরিক অভ্যুত্থান হয়েছে। কিন্তু এবার সে অবস্থা হতে দেওয়া হবে না। আমরা নির্বাচন আয়োজন করব এবং তাতে কোনো কারচুপি হতে দেবো না।’