স্বাধীনতাযুদ্ধের পর সেনা কর্মকর্তাদের নিয়ে মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতি প্রদানের জন্য কমিটি গঠন হওয়ায় বেসামরিক মুক্তিযোদ্ধারা পদকবঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারি দলের সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক যুদ্ধ, জনযুদ্ধ। সেখানে রাজনৈতিক ব্যক্তিরা সাহসিকতার জন্য পদক পাননি বলেই চলে। বেসামরিক লোকদের মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরীর মতো মাত্র কয়েকজন এই পুরস্কার পেয়েছেন। বেসামরিক ব্যক্তিরা কেন পুরস্কার পাননি, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। মুক্তিযুদ্ধের সময় মন্ত্রীর মর্যাদায় সেনাবাহিনীর প্রধান থাকা জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে কমিটি গঠন করে মুক্তিযুদ্ধের সাহসিকতার পুরস্কার দেওয়া হয়। সেই কমিটির সদস্যরা ছিলেন সেনাসদস্য। সেখানে মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতা-কর্মী বা বেসামরিক মুক্তিযোদ্ধারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
মন্ত্রী বলেন, ‘বঞ্চিত মুক্তিযোদ্ধারা বারবার আবেদন করছেন তাঁদের বিষয়গুলো বিবেচনায় নেওয়ার জন্য। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ, এটা বিবেচনায় না নিলে বৈষম্য হয়ে যাবে। পরবর্তী ইতিহাসে মনে হবে, এটা বোধ হয় একটা সামরিক যুদ্ধ ছিল। এটা যে একটা জনযুদ্ধ বা রাজনৈতিক যুদ্ধ ছিল, তা প্রমাণ করা কঠিন হবে।’
প্রশ্ন করতে গিয়ে সুবিদ আলী চট্টগ্রামের কুমিরা যুদ্ধের প্রসঙ্গ টেনে জানতে চান, কুমিরায় ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। তিনি সেখানে দায়িত্ব পালন করেন। কিন্তু মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো পুরস্কার পাননি বলে তিনি জানান। কেন পুরস্কার পাননি, তিনি তা জানতে চান। জবাবে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে সাহসিকতার পুরস্কার ১৯৭২ সালে দেওয়া হয়। ওনাকে কেন পুরস্কার দেওয়া হয়নি, সেটা যাঁরা ওই সময় পুরস্কার দিয়েছেন, তাঁরাই ভালো বলতে পারবেন। তবে বেসামরিক মুক্তিযোদ্ধারা তাঁদের ভূমিকার বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি উপস্থাপন করছেন। মুক্তিযুদ্ধের সাহসিকতার পুরস্কার পুনরায় দেওয়ার সুযোগ হলে অবশ্যই সুবিদ আলী ভূঁইয়ার গৌরবোজ্জ্বল ভূমিকা বিবেচনায় নেওয়া হবে।’