সেনানিবাস বিলে অসংগতি দূর করতে উপকমিটি
জাতীয় সংসদে উত্থাপিত সেনানিবাস বিল ২০১৭–এর অসংগতি দূর করতে একটি উপকমিটি গঠন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ উপকমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য মুহম্মদ ফারুক খানকে উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম। উপকমিটিকে আগামী এক মাসের মধ্যে অস্পষ্টতাগুলো চিহ্নিত করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
জানতে চাইলে ফারুক খান প্রথম আলোকে বলেন, বৈঠকে সেনানিবাস বিল নিয়ে আলোচনা হয়। বিলে কিছু বিষয়ে অসংগতি দেখা গেছে। এসব ঠিক করতে তাঁকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ক্যান্টনমেন্ট বোর্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগে বিলটি দেখবেন। তারপর উপকমিটি আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের আইন শাখার কর্মকর্তাদের নিয়ে সুপারিশ তৈরি করবে।
ফারুক খান বলেন, বৈঠকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মামলার রায়ে ধন্যবাদ জানানো হয়েছে। কারণ, এর সঙ্গে সেনাবাহিনীর মনোবলের বিষয়টি জড়িত।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী (সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী) আনিসুল হকও বৈঠকে অংশ নেন।
১৪ নভেম্বর সেনানিবাস বিল ২০১৭ সংসদে উত্থাপন করা হয়। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।