সেনানিবাসে বহুতল ভবন নির্মাণের সুপারিশ
দেশের বিভিন্ন সেনানিবাসের জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে এই সুপারিশ করেছে।
সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, সামরিক ভূমি অধিদপ্তর তাদের ভূমির ব্যবহার-সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের তথ্য তুলে ধরেছে। সেখানে ছয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে বলে উল্লেখ করেছে। কিন্তু কমিটি বলেছে, ছয়তলা কেন? কেন ৬৪ তলা নয়? সে জন্য কমিটি জমি কম নষ্ট করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলেছে।
ফারুক খান আরও বলেন, ‘আমাদের দেশে জমির পরিমাণ কম। সরকার যখন জমি অধিগ্রহণ করে, তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মানুষকে কষ্ট দিয়ে অধিগ্রহণ করা জমি যেনতেনভাবে ব্যবহার করা যাবে না। সে জন্য আমরা বলেছি, কম জমি ব্যবহার করে ওপরের দিকে বাড়িয়ে ভবন নির্মাণ করতে হবে।’
কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ফারুক খান ও হোসনে আরা বেগম এবং তিন বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।