সেনানিবাসে বাদ জুমা আজাদের জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। পরে বেলা তিনটায় তাঁর মরদেহ র‍্যাব সদর দফতরে নেওয়া হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। বিস্ফোরিত বোমার স্প্লিন্টার তাঁর বাঁ চোখের ভেতর ঢুকে গিয়েছিল। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় এনে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পরে সিএমএইচের চিকিৎসকেরা র‍্যাবের গোয়েন্দাপ্রধান আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আজ সকালে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য আনা হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত করা হয়।