সেনানিবাসের বাড়ি খালেদার রিটের ওপর রায় আজ
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা নিয়ে করা রিটের রায় আজ দেওয়ার কথা রয়েছে। ৬ অক্টোবর বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে এ দিন ধার্য করেন।এর আগে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৩ মে তিনি হাইকোর্টে রিট করেন। এরপর একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় আবার তাঁকে বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। চলতি বছরের ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয়। শুনানিকালে ২৩ আগস্ট হাইকোর্ট বাড়িটির ইজারাসংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করেন। দীর্ঘ ২২ কার্যদিবস শুনানি শেষে আদালত আজ ১৩ অক্টোবর রায় প্রদানের দিন ধার্য করেন।কোকোর প্যারোল: খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ ২০ দিন বাড়িয়ে রুল নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। আজ বুধবার এ শুনানি হবে।