সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদার রিট শুনানি আবারও পেছাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আবারও পিছিয়েছে। ১৫ মার্চ এ শুনানি অনুষ্ঠিত হবে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন নির্ধারণ করেন।৮ মার্চ খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন জানালে আদালত ১১ তারিখ শুনানির দিন ধার্য করেছিলেন। খালেদার কৌঁসুলি মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘সিনিয়র আইনজীবী টি এইচ খান অন্য একটি মামলায় শুনানি করছেন। শুনানির জন্য তাঁর উপস্থিতি প্রয়োজন। তাই সময় চাওয়া হয়েছে।’গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট দায়ের করলে ২৭ মে একটি দ্বৈত বেঞ্চ ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুলটি জারি করেন।এদিকে মোবাইল ফোন ছিনতাই মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়েছে। ১ মার্চ ছাত্রলীগের নেতা ফুয়াদ হাসান বাদী হয়ে চাঁদপুর থানায় মামলাটি দায়ের করেন।