সেনানিবাসের বাড়ি রক্ষার জন্য যা করা প্রয়োজন ছিল সবই করেছি: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, সেনানিবাসের বাড়ি নিয়ে আইনি লড়াইয়ে খালেদা জিয়া হেরে যাওয়ায় তাঁকে দায়ী করে বিভিন্ন ব্যক্তির দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, বাড়ি রক্ষার জন্য আইনগতভাবে যা করা প্রয়োজন, তা তিনি করেছেন।গতকাল শনিবার মতিঝিলে নিজস্ব চেম্বারে সাংবাদিকদের কাছে মওদুদ আহমদ এ দাবি করেন। বিএনপির এই নেতা খালেদা জিয়ার বাড়ির মামলায় অন্যতম আইনজীবী।মামলার রায় সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘কেউ কেউ অভিযোগ করেছেন, ওই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হেরে যাওয়ার জন্য আমি দায়ী। এটা ঠিক নয়। আমি বলতে চাই, খালেদা জিয়াকে বাড়িটি দেওয়ার ব্যাপারে আমার ভূমিকা ছিল। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার আমাকে বিশেষ স্নেহ করতেন। বাড়িটি দেওয়ার ব্যাপারে আমি তাঁর সঙ্গে আলোচনা করেছিলাম। এসব তথ্য ম্যাডামও জানেন। খালেদা জিয়াকে বাড়িটি দেওয়ার ব্যাপারে যাঁদের উদ্যোগ ছিল, তাঁদের মধ্যে আমিও ছিলাম। তাই বাড়িটি নিয়ে করা মামলায় জিততে সব ধরনের আইনি লড়াই আমি করেছি। এখন যা বলা হচ্ছে তা মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট।’প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার বাড়িটির ইজারা বাতিল করে। খালেদা জিয়া বাড়ি খালি করার নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করে বাড়ি ছাড়ার জন্য তাঁকে অন্তত ৩০ দিন সময় দিতে বলেন সরকারকে। ওই সময়সীমা ১২ নভেম্বর শেষ হলে পরের দিন খালেদা জিয়াকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর লিভ টু আপিল, স্থিতাবস্থা বজায় রাখা ও আদালত অবমাননার আবেদনও খারিজ হয়ে গেলে আইনি লড়াইয়ে হেরে যান খালেদা জিয়া। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ না চাওয়া এবং লিভ টু আপিল আবেদন উপস্থাপন না করার জন্য বিভিন্ন মহল থেকে মওদুদ আহমদকে দায়ী করা হয়। সংবিধান পুনর্মুদ্রণ: মওদুদ আহমদ বলেন, আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক ও সংসদের জন্য অপমানজনক। পুনর্মুদ্রিত সংবিধান সম্পূর্ণ অকার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘একজন ক্ষুদ্র আইনজীবী হিসেবে আমি মনে করি, সংসদে বিল এনে সংবিধান সংশোধন করা উচিত ছিল। এটা না করে সরকার আইনপ্রণেতাদের বঞ্চিত করেছে।’তবে সংসদের এই অধিবেশনে যোগ দেবেন না উল্লেখ করে মওদদু আহমদ বলেন, সরকার সংসদকে অকার্যকর করে রেখেছে। সংসদ থেকে বিএনপির পদত্যাগ প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মওদুদের নতুন বই প্রকাশ: মওদুদ আহমদের লেখা সাউথ এশিয়া: ক্রাইসিস অব ডেভেলপমেন্ট, দ্য কেস অব বাংলাদেশ শীর্ষক বইয়ের বাংলা অনুবাদ দক্ষিণ এশিয়া: উন্নয়নের সংকট: বাংলাদেশ প্রেক্ষিত প্রকাশ করা হয়েছে।