সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে আজ মঙ্গলবার সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
গতকাল সোমবার দেং দাউ দেং মালেকের নেতৃত্বে দেশটির ৭ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসে।
আজকের সাক্ষাৎপর্ব শেষে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সব প্রিন্সিপাল স্টাফ অফিসারের উপস্থিতিতে সেনাপ্রধান তাঁর স্বাগত বক্তব্য দেন। এরপর দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে ব্রিফ করা হয়।
দক্ষিণ সুদানের প্রতিনিধি দল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে এবং দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহের স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ও সে দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসার পাশাপাশি তা থেকে শিক্ষা নিয়ে নিজের দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে। এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ সুদান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।
সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ও নৈশভোজে অংশ নেয়। সেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।