সেনাবাহিনী আসার গুজবে আবার গোলাগুলি শুরু হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের দ্বিতীয় দিন বিকেল চারটার দিকে হঠাৎ করে গোলাগুলি শুরু হয় পিলখানায়। বিডিআর হাসপাতালের প্রহরারত চার জওয়ান ওপর থেকে গ্রেনেড ছুড়ে মেরে নিচে চলে যান। তখন লোকজন বলাবলি করছিল, সেনাবাহিনী পিলখানায় আসার খবর শুনে গোলাগুলি শুরু হয়ে গেছে। এতে সবাই ভীত হয়ে পড়েন।পিলখানা হত্যা মামলার ৭৭ নম্বর সাক্ষী বিডিআর হাসপাতালের চিকিৎসক মেজর রুখসানা খানম গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিতে এসে আদালতে এ কথা বলেন। সুবেদার আজিম উদ্দিন, সিপাহি রুহুল আমীন ও সুবেদার মোহাম্মদ শাহজাহানও গতকাল সাক্ষ্য দেন। আদালতের কার্যক্রম আজ সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম সকাল ১০টার দিকে শুরু হয়ে দুইবার বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। আগের সাক্ষীর অসমাপ্ত জেরা শেষ হলে মেজর রুখসানা খানম সাক্ষ্য দেন। মেজর রুখসানা বলেন, ‘২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বিডিআর জওয়ানরা অস্ত্র হাতে গুলি করতে করতে দরবারে ঢুকে পড়ে। সিপাহি সেলিম হ্যান্ডমাইক দিয়ে সবাইকে বের হয়ে আসতে বলে। এ সময় আমরা নারী চিকিৎসকসহ পাঁচজন মঞ্চ থেকে নিচে নেমে আসি। বেরিয়ে আসার সময় সাদা পোশাকধারী এক জওয়ান আমাদের গতি রোধ করে। তারা র‌্যাংক খুলে মেঝেতে শুয়ে পড়তে বলে। এ সময় জওয়ানরা কর্নেল কায়সারের মাথায় রাইফেল ঠেকিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। চিকিৎসক পরিচয় পাওয়ার পর একজন জওয়ান কর্নেল লুৎফর রহমানের পেটে লাথি মারে। মেজর জাহিদ ও কর্নেল ইয়াসমিনকেও তারা লাথি মারে এবং রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তাঁদের হাসপাতালে নিয়ে আহত বিদ্রোহীদের চিকিৎসা করতে বাধ্য করা হয়।’মেজর রুখসানা বলেন, গভীর রাতে লে. কর্নেল সদরুল জানান, নিহত কর্মকর্তাদের মৃতদেহ হাসপাতালের হিমঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, টিভির খবর দেখে তিনি কয়েকজন বিদ্রোহীকে চিনতে পারেন। এঁরা হলেন, ডিএডি নাসির, সিপাহি সেলিম, মইন, কাজল, সাহাবুদ্দিন, এ বি সিদ্দিক, রফিকুল, সাইফুল, ওবায়দুল, ইব্রাহিম, জসিম, মুহিত, হাবিবুর, মতিন, সুমন, মেহেদি, ল্যান্স নায়েক একরাম ও হাবিলদার সহকারী মনিরুজ্জামান। রুখসানা সাক্ষ্য দেওয়ার পর আসামিদের আইনজীবীরা তাঁকে জেরা করেন।মামলার ৭৮ নম্বর সাক্ষী সুবেদার আজিম উদ্দিন শেখ বলেন, ‘অনেক জওয়ান কর্মকর্তাদের গাড়ি জ্বালিয়ে দেয় ও বাড়িঘর লুট করে।’ জবানবন্দির সময় তিনি ১২ জওয়ানের নাম উল্লেখ করে বলেন, তাঁদের চিনতে পারেন। সিপাহি রুহুল আমীন ও সুবেদার মোহাম্মদ শাহজাহানও একই ধরনের সাক্ষ্য দেন।