সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলি
রাঙামাটির বরকল উপজেলায় গতকাল বুধবার সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। পরে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ৩৮টি গুলি, দুটি ম্যাগাজিন ও পোশাক উদ্ধার করেছে।সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল নাজিম উদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গত মঙ্গলবার রাতে উপজেলার সুবলং ইউনিয়নের বেতছড়ি এলাকায় যায়। ভোর চারটার দিকে তাঁরা সেখানকার একটি বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। পরে তাঁরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।নাজিম উদ্দিন বলেন, সন্ত্রাসীদের সঙ্গে ১৫ থেকে ২০ মিনিট গোলাগুলি হয়। এ সময় সেনাবাহিনী ২৬টি ও সন্ত্রাসীরা ১২-১৪টি গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা যায়নি। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি জি-থ্রি রাইফেল ও দুটি দেশি অস্ত্র (এলজি) রয়েছে।