রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো জাতীয় দুর্যোগে সব সময় সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সশস্ত্র বাহিনী জন্ম নিয়েছে। এটি জনগণের একটি অবিচ্ছেদ্য অংশ। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স কোরের ষষ্ঠ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আবদুল হামিদ বলেন, অর্ডন্যান্স কোর সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিষ্ঠালগ্ন থেকে অর্ডন্যান্স কোর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উপসাগরীয় যুদ্ধের পর বিধ্বস্ত কুয়েতের নিরাপত্তায়, বিশেষ করে মাইন, ঝুঁকিপূর্ণ গোলাবারুদ ও বিস্ফোরক অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্যরা অসামান্য সাহস ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
বাসস জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অর্ডন্যান্স সেন্টার ও স্কুল অর্ডন্যান্স কোরের জন্য দক্ষ সেনাসদস্য গড়ে তুলছে। গোলাবারুদ ও বিস্ফোরকে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত এই কোরের সদস্যরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছেন। রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীতে অর্ডন্যান্স কোরের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান করেন। তিনি বলেন, এই কোরের সামগ্রিক সাংগঠনিক ও অবকাঠামোগত উন্নয়ন সেনাবাহিনীর অগ্রযাত্রাকে আরও শাণিত করেছে।
এর আগে দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি সেনানিবাসের শহীদ মেজর হাসিব প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাঁকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, গাজীপুরের সাংসদ রহমত আলী, জাহিদ আহসান রাসেল, সিমিন হোসেন রিমি প্রমুখ।