সেনাবাহিনী থেকে জঙ্গি তৎপরতায় কেন ও কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রূপনগরে শুক্রবার রাতে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত ব্যক্তি সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা বলে নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সংস্থার একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, নিহত মেজর জাহিদুল ইসলাম গত বছর সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যান। এর আগে সেনাবাহিনীর আরেকজন চাকরিচ্যুত মেজর জিয়াউল হককে জঙ্গি কার্যক্রমের পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর সাবেক এই দুই কর্মকর্তা বিভিন্ন জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন এবং এসব হামলার সঙ্গে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সম্পর্ক আছে বলে পুলিশ দাবি করছে। কিন্তু এ দুজন কর্মকর্তা কেন এ ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হলেন, সেটি অনেককেই বিস্মিত করেছে। কোনো কোনো বিশ্লেষক অনুমান করছেন, একটি পরিশীলিত বাহিনীর মাঝে লুকিয়ে থাকা কোনো বঞ্চনা হয়তোবা তাঁদের সেদিকে ঠেলে দিয়েছে কি না, তা খতিয়ে দেখার সময় হয়েছে। বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।

বিশ্লেষকেরা বলছেন, এমনও হতে পারে হয়তোবা কোনো বঞ্চনা নয়, বরং জঙ্গিবাদের আদর্শই তাঁদের টেনে নিয়ে গেছে। বাংলাদেশে সম্প্রতি পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠন জেএমবির সঙ্গে সমাজের উচ্চ শিক্ষিত বিভিন্ন পেশার মানুষ জড়িত হয়েছে।

জঙ্গি তৎপরতা নিয়ে অনেক দিন ধরেই গবেষণা ও বিশ্লেষণ করছেন নূর খান। তিনি বলেন, ‘আমরা তো ঘটনার শুরু থেকে বারবার বলার চেষ্টা করেছি, যে ধরনের ঘটনা ঘটছে, যে পদ্ধতিতে করছে, এর প্রশিক্ষণটা অবশ্যই সামরিক জ্ঞানে প্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে এবং তাদের একটা সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা আমরা কিন্তু বারবার বলেছি।’

কিন্তু এসব ব্যক্তি সামরিক বাহিনীর ভেতরে থাকতেই জঙ্গি তৎপরতায় জড়িত হয়েছেন, নাকি সেখান থেকে বেরিয়ে গিয়ে জড়িত হয়েছেন, তা নিয়ে নানা বিশ্লেষণ আছে। তবে কোনো কোনো বিশ্লেষক মনে করেন, সেনাবাহিনীর ভেতরে নজরদারি বেশি থাকায় তাঁরা হয়তো বাহিনীর বাইরে গিয়ে জঙ্গি তৎপরতায় যুক্ত হয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, জঙ্গি তৎপরতার সঙ্গে এখন পর্যন্ত সামরিক বাহিনীর সাবেক দুজন কর্মকর্তার নাম এসেছে। তাঁরা বলছেন, দুজন সাবেক কর্মকর্তার নাম এলেও, বিষয়টি নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে তাঁরা কেন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়লেন, সে বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে বিশ্লেষকেরা মনে করেন।