সেনাবাহিনী দিয়ে ভোলা রক্ষার দাবি
মাস্টারপ্ল্যান করে সেনাবাহিনীর মাধ্যমে ভাঙনের মুখে সিসি ব্লক ফেলে ভোলা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম। তাদের সঙ্গে যোগ দেয় ১২টি সংগঠনসহ ভোলার সর্বস্তরের মানুষ।
গতকাল রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী মো. শাজাহান, ভোলা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাঈদ আলী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশন্দী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, ভোলার চারপাশে নদী। চারপাশেই একসঙ্গে ভাঙন প্রতিরোধে ব্লক ফেলা দরকার। তাই সেনাবাহিনীর মাধ্যমে ব্লক ফেলে ভোলা রক্ষার দাবি জানান তাঁরা।
মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ‘৪০ বছর ধরে নদীভাঙন প্রতিরোধে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে। যে টাকায় ঠিকাদার ও প্রকৌশলীর উন্নয়ন ছাড়া কিছুই হয়নি। সরকারের ঢাকায় বাড়ি-গাড়ি হয়েছে। আর ভোলার কয়েক লাখ মানুষ নিঃস্ব হয়েছে। তাই সরকারের কাছে জোর দাবি, সেনাবাহিনী দিয়ে ভোলার নদীভাঙন প্রতিরোধের দাবি জানাই।’