জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ থাকত না। তিনি বলেন, ‘পাহাড়ি এলাকা অশান্ত হওয়ার পেছনের কারণগুলো কী, তা আমি জানি। কিন্তু কৌশলগত কারণে তা আমি বলতে চাচ্ছি না।’গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় যুব সংহতির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এ কথা বলেন। তিনি পার্বত্য এলাকায় কর্মরত বিভিন্ন এনজিওর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন।এরশাদ বলেন, জনগণ এ দেশে আইএমএফ, এডিবি, বিশ্বব্যাংক দেখতে চায় না। ওদের মাতব্বরি মানুষ সহ্য করতে রাজি নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওরা যা বলে, তা রীতিমতো ধৃষ্টতা। বাংলাদেশের মানুষ ওদের অনুদান আর চায় না। যুব সংহতির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।