সেনাবাহিনী নিয়ে খবর প্রকাশে যত্নবান হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের প্রতিযোগিতার কারণে সেনাবাহিনী নিয়ে খবর প্রকাশের ক্ষেত্রে অনেক সময় তারতম্য দেখা দেয়। এটা কখনো কখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ জন্য সেনাবাহিনী নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের আরও বেশি যত্নবান হওয়া উচিত।সামরিক বাহিনী ও গণমাধ্যম নিয়ে গতকাল এক সেমিনারে পদস্থ সেনা কর্মকর্তারা এ অভিমত ব্যক্ত করেন। ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী ও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর।সেমিনারের আয়োজন সম্পর্কে সেনা কর্মকর্তারা বলেন, সামরিক বাহিনী ও গণমাধ্যমের সঙ্গে দূরত্ব অনেক। এসব দূরত্ব দূর করতেই সেমিনারের আয়োজন। সকালে শুরু হওয়া এই সেমিনার একপর্যায়ে মতবিনিময় সভায় পরিণত হয়। তখন সেনাবাহিনী নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকেরা। সেনা কর্মকর্তারা এসব সমস্যা দূর করার পন্থা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।সেমিনারে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মইনুল ইসলাম বলেন, গণমাধ্যমের শক্তি অগ্রাহ্য করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু নানা কারণে সব তথ্য সব সময় গণমাধ্যমকে সরবরাহ করা সম্ভব হয় না। ঘটনা ঘটলে তার তথ্য বিলম্বে সরবরাহ করার অনেক উদাহরণ আছে। তিনি বলেন, এটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে শক্তিশালী করার একটি প্রস্তাব সরকারের বিবেচনায় আছে। সেটা কার্যকর হলে অনেক সমস্যা মিটে যাবে। গণমাধ্যমের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব কমাতে নানা উদ্যোগের কথাও বলেন তিনি।সিজিএস সামরিক খাতে ব্যয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেনাবাহিনীর মতো জবাবদিহি আর কোথাও নেই। এখানে চাইলেও কেউ বাজেটের টাকা অন্যভাবে খরচ করতে পারে না। সেনাবাহিনী বাজেটের অর্থ সব সময় সঠিকভাবে ব্যবহার করে।সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক (এমআই) ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান আল মাহমুদ বলেন, সেনাবাহিনী জাতীয় প্রতিষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে অবশ্যই সেনাবাহিনী তার সাধ্যমতো তথ্য সরবরাহ করবে। এ ক্ষেত্রে তিনি আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।সামরিক গোয়েন্দা পরিদপ্তরের কর্মকর্তা জিএসও-১ লে. কর্নেল আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা আমাদের পরিবারের প্রতিদিনের ঘটনা ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে জনসমক্ষে ঢালাওভাবে প্রকাশ করি না। এটা প্রকাশ করা যুক্তিসংগত নয়। তেমনি সেনাবাহিনী সম্পর্কেও সব খবর প্রকাশ করা যুক্তিযুক্ত নয়। সম্মানহানিকর সংবাদ প্রকাশিত হলে বাহিনীর সদস্যরা হীনম্মন্যতায় ভোগেন।’আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহিনুল ইসলাম সামরিক বাহিনী ও গণমাধ্যমবিষয়ক মূল আলোচনায় বলেন, সেনাবাহিনী ও তার কার্যক্রম নিয়ে অনেকেরই কোনো স্বচ্ছ ধারণা নেই। এ কারণে বাহিনী নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়। তাঁর মতে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইএসপিআরের হাতে ক্ষমতা থাকা উচিত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবুল মনসুর আহমেদ বলেন, সামরিক বাহিনীর সদস্যরা তাঁদের পরিমণ্ডলের ভেতরে কাজ করেন। তাঁদের ব্যাপারে খবর প্রকাশে সতর্ক হওয়া উচিত।আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম গণমাধ্যমের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকা উচিত, তা তুলে ধরেন। সেমিনারে বেশির ভাগ সাংবাদিক তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং সেনানিবাসে প্রবেশের ক্ষেত্রে জটিলতার প্রসঙ্গটি তুলে ধরেন। তাঁরা আইএসপিআরকে ঢেলে সাজানোর সুপারিশ করেন।