সেনাবাহিনী প্রস্তুত আছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, প্রতিবারের মতো এবারও নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেনাবাহিনীকে আগে থেকেই সতর্ক করা হয়েছে। তারা প্রস্তুত আছে। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর নির্বাচন কমিশন ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে নির্বাচনে সেনা মোতায়েনের জন্য কমিশন সচিবালয় থেকে নথি উত্থাপন করা হয়েছে। তবে তিন দিন ধরে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আবেদনের শুনানি চলার কারণে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ১৯ ডিসেম্বরের নির্বাচনী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
রাজনৈতিক সমঝোতার বিষয়ে কাজী রকিব উদ্দীন বলেন, ‘রাজনৈতিক সমঝোতার লক্ষণ তো আপনারা জানাচ্ছেন। এখনো সে রকম ইতিবাচক কিছু দেননি। তবু আশাবাদী, দেখা যাক, ইতিবাচক কিছু হয় কি না।’
সফররত যুক্তরাজ্যের সাঈদা ওয়ার্সির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, তিনি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। তাঁকে প্রস্তুতি সম্পর্কে জানানো হয়েছে।
জাতীয় পার্টির মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিষয়ে সিইসি বলেন, মনোনয়ন বাতিল ও প্রতীক বরাদ্দের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আজ শেষ হবে। এরপর আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন।