সেনাবাহিনী সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান বলেছেন, ‘সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।’ তিনি বলেন, জাতীয় পতাকাপ্রাপ্তি একটি ইউনিটের জন্য বিরল সম্মান ও গৌরবের বিষয়। কঠোর অধ্যবসায়, কর্মনিষ্ঠা ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে এ সম্মান অর্জন করায় ৯ বেঙ্গল ল্যান্সারে কর্মরত কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য সেনাদের ধন্যবাদ জানান তিনি।রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসের শহীদ বদিউজ্জামান কুচকাওয়াজ মাঠে চতুর্থ সাঁজোয়া কোর পুনর্মিলনী, ৯ বেঙ্গল ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০১০-এ বক্তব্য দেন।রাষ্ট্রপতি বগুড়া সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান, স্থানীয় সাংসদ ও এরিয়া কমান্ডাররা তাঁকে স্বাগত জানান।রাষ্ট্রপতি কুচকাওয়াজ মাঠে পৌঁছালে সাঁজোয়া কোরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর ৯ বেঙ্গল ল্যান্সারকে তাঁদের গৌরবোজ্জ্বল ভূমিকা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় পতাকা প্রদান করেন। রাষ্ট্রপতি মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাঁজোয়া অধিনায়ক সম্মেলন ২০১০-এ বক্তব্য দেন। অনুষ্ঠানে সাঁজোয়া কোরের সাবেক ও বর্তমান বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদবির সেনাসদ্যরা উপস্থিত ছিলেন। বাসস।