সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে আধুনিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ভিশন ২০২১-এর সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০’ গ্রহণ করেছে। এর ফলে সেনাবাহিনী একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত হবে। খবর বাসসের।গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট প্যারেড গ্রাউন্ডে গতকাল রোববার মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, তথা জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর ‘অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল’কে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি বাহিনীকে আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। আমদানির বদলে এখন দেশের সমরাস্ত্র কারখানাতেই স্বয়ংক্রিয় রাইফেল তৈরি হচ্ছে এবং আধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে পদাতিক বাহিনীকে শক্তিশালী করা হয়েছে। তিনি দেশের পতাকাকে সমুন্নত রাখতে অর্পিত দায়িত্ব পালনে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।সরকার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সুখী-সমৃদ্ধ আধুনিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দেশ গড়তে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অর্জিত হবে। তিনি বলেন, সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।অর্ডিন্যান্স কোরের সদস্যদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁর দুই ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহীদ লে. শেখ জামাল সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ছোট ভাই শেখ রাসেলও সেনাবাহিনীর কর্মকর্তা হতে চেয়েছিল।অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় চার নেতা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘রক্ত সোপান’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে। অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম মধ্যাহ্নভোজে অংশ নেন।