সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে বাহিনীটিকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেনা মোতায়েন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যে নির্বাচনী প্রহসনে অর্ধেকের বেশি আসনে পছন্দনীয় প্রার্থীদের বিজয়ী দেখানো হয়েছে, সেই নির্বাচনে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে নিয়োগ করার খবরে আমরা বিস্মিত হয়েছি। অযোগ্য নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে নিজেরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সশস্ত্র বাহিনীকেও জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের এই অপচেষ্টার নিন্দা জানাচ্ছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা মনে করি ভোটারবিহীন এই নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়। তারা যা করতে চায় সে জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা উচিত হচ্ছে না।’

সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নজরুল ইসলাম খান বলেন, প্রত্যেক মন্ত্রী-সাংসদের সম্পদের হিসাব দেওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ তা করেনি। তার পরও শুধু হলফনামায় আওয়ামী লীগের নেতারা সম্পদের যে বিবরণ দিয়েছেন তা আঁতকে ওঠার মতো।  তিনি বলেন, ‘মনে হয় এই সরকারের সব নেতা ও মন্ত্রীকেই পদ ও মন্ত্রণালয় বণ্টনের সময় একটা করে আলাদীনের চেরাগ দেওয়া হয়েছিল, যা দিয়ে তাঁরা এত সম্পদ করতে পেরেছেন।’

প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আলোচনা চলছে এবং নির্বাচনের পরেও আলোচনা চলবে। অথচ সবাই জানেন যে জাতিসংঘের মধ্যস্থতায় যে আলোচনা শুরু হয়েছিল তা দশম  জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সরকারের ধরন কী হবে তা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য। নির্বাচনের পরেও আলোচনার কথা বলে প্রকৃতপক্ষে তিনি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দিলেন যে নির্বাচনের আগে এ বিষয়ে সরকার কোনো সমঝোতায় আসবে না। যে তিন দফা আলোচনা হয়েছে তা ছিল লোক দেখানো। আলোচনার মাধ্যমে সমঝোতার জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরকারই নস্যাৎ করে দিল।