সেনাবাহিনীকে দলাদলি ও বিতর্কের ঊর্ধ্বে থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীকে রাজনৈতিক দলাদলি ও সব বিতর্কের ঊর্ধ্বে থেকে সুশৃঙ্খল, দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে প্রতিরক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শনিবার যৌথ বিবৃতিতে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এ আহ্বান জানান। তাঁরা গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা বানচাল করার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ারও আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ জানুয়ারি সেনাসদরে সংবাদ সম্মেলনে সরকার উৎখাতের একটি চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছে। সিপিবি মনে করে স্বাধীনতাবিরোধী, রাষ্ট্রদ্রোহী প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ও জঙ্গি দেশি-বিদেশি শক্তি সেনাবাহিনীর ভেতর-বাইরে চক্রান্ত চালাচ্ছে। এটা দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে। গণতন্ত্র ধ্বংসের ক্ষেত্রে অতীতে সেনাবাহিনীর কর্মকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনের বক্তব্যকে প্রশংসাও করেন এই দুই বাম নেতা। তাঁরা বলেন, অতীতে কিছু উচ্চাভিলাষী কর্মরত ও সাবেক সেনাসদস্য সেনাবাহিনীকে কাজে লাগিয়ে অনেকগুলো ক্যু ও কাউন্টার ক্যু করেছে এবং গণতান্ত্রিক ধারা ও সাংবিধানিক ধারাবাহিকতা বিনষ্ট করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষমতা দখল করেছে। রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ সেনাবাহিনী, রাজনীতি এবং দেশের অপূরণীয় ক্ষতি করে। বিজ্ঞপ্তি।