সেনা মোতায়েনের প্রয়োজন হবে বলে মনে করি না: কর্নেল জিয়া
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কী না সেটা কমিশনের ব্যাপার। তবে এবারের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে বলে মনে করি না। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও র্যাব যথেষ্ট। এ ছাড়া বিজিবিও থাকবে।
আজ রোববার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জিয়াউল আহসান সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে বেশির ভাগ সদস্যই নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে বলেছেন। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জিয়াউল হক বলেন, নির্বাচনে সব প্রার্থী জিততে চায়। সরকারি দল, বিরোধী দল, বিএনপির সমর্থিত প্রার্থীসহ যাঁরাই সহিংসতা করবেন তাঁরাই ধরা খাবেন। নির্বাচনে জ্বালাও-পোড়াও, পেট্রল বোমা নিয়ন্ত্রণ করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।
গণমাধ্যমে দেখা যাচ্ছে প্রার্থীরা অভিযোগ করছেন তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে-এমন প্রশ্নের জবাবে র্যাবের এডিজি বলেন, অভিযোগ সঠিক স্থানে করতে হবে। গণমাধ্যমে অভিযোগ না করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে অভিযোগ করলেই কাজ হবে।