সেনাবাহিনীকে নিয়ে খালেদার বক্তব্য গণতন্ত্রের প্রতি হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীকে নিয়ে বগুড়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে দল ও সংগঠনগুলো এই নিন্দা জানায়।গণতান্ত্রিক বাম মোর্চা এক বিবৃতিতে বলেছে, ‘খালেদা জিয়া সেনাবাহিনীকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাজনৈতিক দল হিসেবে নিজেদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বাম মোর্চা মনে করে, রাজনৈতিক প্রশ্নের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে।’ বিবৃতিতে স্বাক্ষর করেন মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিবৃতিতে বলেছে, বগুড়ায় খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক সরকারব্যবস্থা ও আইনের শাসনের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। গণতন্ত্র ও আইনের শাসন ব্যাহত হয়, এমন বক্তব্য থেকে খালেদা জিয়ার বিরত থাকা উচিত। পরিষদের আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম। এ ছাড়া এ এফ এম মেজবাহ উদ্দিন, ইউসুফ হোসেন হুমায়ুন, এস এম মুনীর, শহীদুল করিম সিদ্দিকী, নুরুল ইসলাম, বশির আহমেদ ও এ এম আমিনউদ্দিন বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, জাতীয় আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের নেতারাও ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ছাত্রলীগের সাবেক নেতারা বলেছেন, খালেদা জিয়া অগণতান্ত্রিক শাসনের উসকানি দিয়েছেন। কিন্তু এ দেশের জনগণ রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখবে। বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান বিবৃতিতে বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন। বগুড়ায় তিনি যে বক্তব্য দিয়েছেন, তা গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ। কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ বলেছে, খালেদা জিয়ার দেওয়া বক্তব্য সংবিধানবিবর্জিত ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি সেনাবাহিনীকে উসকে দিয়ে দেশের চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, যুব মৈত্রীর সভাপতি ও সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল, জাতীয় যুব ঐক্যের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমেদ ও সাধারণ সম্পাদক পল্লব পাল এবং যুব সমিতির সভাপতি হাসান কামরুল ও সাধারণ সম্পাদক শরীফ হাসান এই বিবৃতি পাঠিয়েছেন।